জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

সংবাদ থেকে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব গ্রামীণ আবাসন গড়ে তুলতে স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় দেশের জলবায়ু ও দুর্যোগপ্রবণ বিভিন্ন অঞ্চলের উপযোগী বাড়ির নকশা আহ্বান করা হবে।
এ লক্ষ্যে আজ ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। সমঝোতা স্মারকে পিকেএসএফের পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং আইএবির পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।
প্রতিযোগিতার আওতায় এমন আবাসন নকশা তৈরি করা হবে, যা স্থানীয় পরিবেশ ও ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার পাশাপাশি ব্যয় সাশ্রয়ী, নিরাপদ এবং বাস্তবে নির্মাণযোগ্য হবে। এ জন্য উপকূলীয় অঞ্চল, হাওর ও জলাভূমি, চর ও প্লাবনভূমি, পাহাড়ি এলাকা এবং বরেন্দ্র অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে। জমা পড়া নকশাগুলোর মধ্য থেকে মাঠপর্যায়ে বাস্তবায়নের উপযোগী সেরা ১০টি আবাসন মডেল নির্বাচন করবে পিকেএসএফ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




