শহরের হোটেল পলাশ থেকে জেরিন কোম্পানির কর্মচারীর লাশ উদ্ধার
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমাহল রোডের আবাসিক হোটেল পলাশ থেকে মোঃ সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিটিসিএলের আওতাধীন জেরিন কোম্পানির স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
গত শনিবার রাত ১২টার দিকে হোটেলের ম্যানেজার তার ঘরে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে হবিগঞ্জ সদর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বিছানায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মৃতের আত্মীয়-স্বজন হবিগঞ্জে আসেন। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই কামাল হোসেন মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। গতকাল রবিবার বিকালে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ওসি জাহিদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত সাজ্জাদ হোসেন নওগাঁ জেলার বদলগাছী থানার শর্মাপুর গ্রামের আতোয়ার রহমানের দ্বিতীয় পুত্র।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





