পা দিয়ে লিখে এইচএসসিতে উত্তীর্ণ, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন কলি রানীর

সংবাদ থেকে
রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তাপাড়ের গদাই গ্রামের কলি রানী জন্ম থেকেই দুই হাত অচল। কিন্তু পা-ই তার হাত, শক্তি ও এগিয়ে চলার একমাত্র ভরসা। ডান পা দিয়ে লিখেই এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। কাউনিয়া মহিলা কলেজের এই শিক্ষার্থীর এখন স্বপ্ন, বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে যোগ দেওয়া এবং মানুষের সেবা করা।
কলির বিশ্বাস, মানুষের সীমাবদ্ধতা শরীরে নয়, মনোবলে। এই বিশ্বাসকে সঙ্গী করেই জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা, বাবাহীন সংসারের আর্থিক সংকট এবং তিস্তার ভাঙনে জমি হারানোর মতো প্রতিকূলতাকে হার মানিয়ে তিনি এগিয়ে চলেছেন। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘হার না মানা তরুণী’ হিসেবে।
কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকলেও কলি সবার সঙ্গে বসে পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তার ইচ্ছা অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং নিয়মানুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়। তিনি আরও জানান, কলি শুধু লেখাপড়াতেই নয়, সংগীতচর্চা, চিত্রাঙ্কন ও কম্পিউটার শিক্ষার মাধ্যমেও নিজেকে দক্ষ করে তুলেছেন। তার জীবন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



