হবিগঞ্জ শহরে ভয়াবহ যানজট ১০ মিনিটের রাস্তায় ৩০ মিনিট লাগে
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে যানজট এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বেক রোড বন্ধ থাকা, অটোরিকশা ও টমটমের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে মালামালর উঠানামা করানোর কারণে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এমনকি ছুটির দিন শুক্রবারেও যানজট থেকে রেহাই মিলছে না নগরবাসীর। ১০ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগছে প্রায় ৩০ মিনিট।
পৌরসভা সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে শহরে যানজট নিয়ন্ত্রণে ৩০টির বেশি টমটম আটক করা হয়েছিল। তবে বর্তমানে পৌরসভার এ ধরনের অভিযান আগের মতো চোখে পড়ছে না। ফলে শহরের সড়কগুলোতে দিন দিন বাড়ছে টমটম ও অটোরিকশার চাপ। ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করলেও যানজট নিয়ন্ত্রণে কার্যকর সুফল পাওয়া যাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, শহরের থানার মোড় থেকে কোর্ট এলাকা পর্যন্ত, কোর্ট এলাকা থেকে কালীবাড়ি এবং শংকরের মুখ থেকে বাজার পর্যন্ত যানজট সবচেয়ে বেশি। এসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। কোথাও কোথাও গাড়ি আটকে থাকছে দীর্ঘ সময়। এতে জরুরি কাজে বের হওয়া মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗