উপহারের মোড়কে ঘুষকে বৈধতার পাঁয়তারা, প্রতিমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহবান

সংবাদ থেকে
ঢাকা: উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মত অপরাধকে বৈধতা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা এবং ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেইসঙ্গে অবিলম্বে প্রতিমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা এবং প্রতিমন্ত্রী ও এ বক্তব্যের পেছনে যে সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে তাদের জবাবদিহি নিশ্চিত এবং সত্যতা যাচাইসাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) সন্ধায় টিআইবি‘র পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কাজের মান ঠিক রেখে দ্রত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায় বলে মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। টিআইবির প্রশ্ন, সরকারি দায়িত্ব পালনের জন্য উপহারের নামে ঘুষ গ্রহণের মতো ব্যক্তিগত সুবিধা নিতে বলে কি প্রতিমন্ত্রী প্রকারান্তরে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন?
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া ও বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তিনি জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহারের’ নামে অবৈধ অর্থ নেবেন কেন? এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? যাঁদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন। সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা প্রদানসহ দুর্নীতির ব্যপকতর বিস্তার ঘটাবে। ‘নতুন করে চিন্তা’ করার নামে প্রতিমন্ত্রী কি সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের অধিকতর বিকাশ ও তার সুরক্ষা নিশ্চিতের পাঁয়তারা করছেন? তার এই বক্তব্য সরকারের অবস্থান কি-না, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।”
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





