“পুলিশ কর্তৃক হত্যাকাণ্ড” এসপি কি ‘সাক্ষী’ হতে পারে? ডা. রাজিবকে নির্দেশ দেয়ার “এখতিয়ার” কি ছিল?

সংবাদ থেকে
কর্তব্যরত পুলিশের গুলিতে সংঘটিত হত্যাকাণ্ডে পুলিশ সুপার বা অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কি ‘প্রত্যক্ষদর্শী সাক্ষী’ হতে পারেন? সাক্ষ্য আইন (Evidence Act, 1872) অনুযায়ী যেকোনো ব্যক্তি ঘটনার সাক্ষী হতে পারলেও পুলিশ আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘কমান্ড রেসপনসিবিলিটি’ (Command Responsibility) এবং দাপ্তরিক এখতিয়ারের (Jurisdiction) ব্যাকরণ সম্পূর্ণ আলাদা। বাহিনীর অধস্তন সদস্যদের হাতে যখন প্রাণঘাতী অস্ত্র থাকে, তখন ঘটনাস্থলে উপস্থিত একজন এসপি বা অতিরিক্ত ডিআইজি কখনোই নিষ্ক্রিয় দর্শক হতে পারেন না—আইনি এখতিয়ার অনুযায়ী তাঁকে হয় বেআইনি গুলিবর্ষণ থামাতে ‘স্টপ ফায়ার‘ নির্দেশ দিতে হয়, অথবা তিনি নিজেই হন ‘ফায়ার‘ কমান্ডের অংশ। তিনি যদি নিজ চেম্বারে বসে থাকেন, তবে তিনি ঘটনাস্থলের সাক্ষী হতে পারেন না; আর যদি ঘটনাস্থলে উপস্থিত থেকেও অধস্তনদের গুলি থামাতে ব্যর্থ হন কিংবা কমান্ড দেন, তবে তিনি সাধারণ সাক্ষী নন—বরং কমান্ড রেসপনসিবিলিটির আওতায় জবাবদিহির পাত্র (যা ফৌজদারি কার্যবিধির ৩৩৭ ধারায় কেবল অপরাধ স্বীকারকারী ‘রাজসাক্ষী‘ বা Approver হওয়ার বিধান থাকে, সাধারণ নিরপেক্ষ সাক্ষী নয়)। অন্যদিকে, কনস্টেবলের ওপরে ও এএসআইয়ের নিচে থাকা একজন ‘নায়েক’-এর গুলির হুকুম চালানোর বা থামানোর কোনো কমান্ডিং এখতিয়ার নেই বলেই তিনি কেবল সাধারণ প্রত্যক্ষদর্শী সাক্ষী হতে পারেন।
এই আইনি এখতিয়ারের প্রশ্নটি সামনে এসেছে শহীদ আবু সাঈদ হত্যার ময়নাতদন্ত প্রতিবেদন বদলানোর ঘটনায়। ২০২৫ সালের ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১- এ আবু সাঈদ হত্যা মামলায় শপথবদ্ধ জবানবন্দি দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মো. রাজিবুল ইসলাম।
দ্য ডেইলি স্টার-এর ওই প্রতিবেদন অনুযায়ী, ১৬ জুলাই আবু সাঈদের শরীরে অসংখ্য পিলেট ও অভ্যন্তরীণ রক্তক্ষরণজনিত হত্যাকাণ্ডের (homicidal) প্রথম রিপোর্ট তাজহাট থানার তদন্ত কর্মকর্তা ঊর্ধ্বতনদের সাথে কথা বলে ফিরিয়ে দেন এবং পুলিশের চাপে পাঁচবার রিপোর্ট বদলাতে বাধ্য করা হয়। ২০২৪ সালের ৩০ জুলাই উপাধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের কক্ষে ডেকে ডা. রাজিবুলকে ‘হেড ইনজুরি ও নিউরোজেনিক শক‘ লিখতে চাপ দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাহফুজুর রহমান, সিটি এসবির এসপি (অতিরিক্ত ডিআইজি) ‘আবু বকর সিদ্দিক’, ডিসি মারুফ ও আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাচিপ সভাপতি ডা. চন্দন। সেখানে তাঁকে উল্টো মিথ্যা মামলার দেয়ার ভয় এবং সিঙ্গাপুর, থাইল্যান্ড ও কক্সবাজার ভ্রমণের প্রলোভন দেওয়া হয়। প্রশ্ন হলো—একজন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিভাগীয় প্রধানকে কমান্ড দেওয়ার এখতিয়ার স্বাস্থ্য বিভাগ বা আদালতের; একজন পুলিশ কর্মকর্তা কোন আইনি এখতিয়ারে হাসপাতালের কক্ষে ঢুকে ফরেনসিক প্রধানকে রিপোর্ট বদলানোর চাপ ও বিদেশ ভ্রমণের টোপ দেন?
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





