মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

সংবাদ থেকে
পুত্রসন্তানের মা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তানকে ঘিরেই কাটছে তাঁর দিন। নতুন এই অভিজ্ঞতায় বদলে গেছে জীবনের রুটিন, বদলে গেছে প্রতিদিনের ব্যস্ততাও।
মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ মা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’
সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ঠিকমতো ছেলেকে দেখতে পারেননি মৌসুমী। পরে যখন ভালো করে দেখলেন, তখন তাঁর মনে হয়েছে, ছেলের চেহারায় তাঁরই ছাপ রয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক এ জন্য সবার কাছে দোয়া চাই।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





