জনগণের জানমালের ক্ষতি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে : শফিকুল আলম মনা

সংবাদ থেকে
# ২১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল পরবর্তী সমাবেশ #
স্টাফ রিপোর্টার ঃ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হত্যা, সন্ত্রাস, রাহাজানি ও নৈরাজ্যমূলক কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শক্তির দোসররা আবারও অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে, যা জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ’র নেতৃত্বে ২১নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পরাজিত ও পলাতক একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়াতে চায়। কিন্তু কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে বিএনপির নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের জানমাল, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশ দেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই শহর আমাদের, এই মাটি আমাদের। খুলনার বুকে দাঁড়িয়ে যারা অগ্নিযুগ ফেরানোর স্বপ্ন দেখছে, তাদের সেই দুঃস্বপ্ন আমরা ধূলিসাৎ করে দেব। কারা নেপথ্যে কলকাঠি নাড়ছে এবং কারা টাকা ঢেলে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে, প্রতিটি মুখ আমাদের চেনা। জননিরাপত্তা ও নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানিয়ে শফিকুল আলম তুহিন আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সতর্ক প্রহরা বসাতে হবে। যেখান থেকেই সন্ত্রাসের বিষবাষ্প ছড়ানোর চেষ্টা হবে, সেখানেই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আলী বাবু, কেএম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মোল্লা নুরুল ইসলাম, মাস্টার রফিকুল ইসলাম, আলতাফ খান, জাহাঙ্গীর আলম, রুবেল জমাদ্দার, বেলাল হোসেন, মিজানুর রহমান মিজান, হাসান আলী বাবু ও মো. রুম্মান প্রমুখ। মিছিলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করে। মিছিল ও সমাবেশজুড়ে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





