
প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে দুর্গোৎসব
বিজয়া দশমী আজ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর মন্ডপে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। আনন্দের শারদোৎসব শেষে এবার দেবী দুর্গাকে বিদায় জানানোর পালা।
ধর্মীয় আচার অনুযায়ী, এদিন দেবীর বিদায়কালীন পূজা, দর্পণ বিসর্জন ও অপরাজিতা পূজা অনুষ্ঠিত হয়। দশ উপাচারে বিহিত পূজা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। এরপর আয়নায় দেবীর প্রতিবিম্ব দর্শনের মধ্য দিয়ে সম্পন্ন হয় দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা। এর মাধ্যমে মণ্ডপে দেবীর পূজার সমাপ্তি ঘটে।
দেবীকে বিদায় জানানোর আগে বিবাহিত নারীদের অংশগ্রহণে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। সিঁদুর, পান-সুপারি, ধান-দুর্বা ও মিষ্টি নিয়ে দেবীর বরণ করবেন নারীরা। পানের পাতা দিয়ে দেবীর মুখ স্পর্শ করিয়ে মিষ্টিমুখ করানো এবং দেবীর সিঁথিতে সিঁদুর পরানোর মধ্য দিয়ে সম্পন্ন হবে এ আচার। এরপর একে অপরের কপালে সিঁদুর পরিয়ে উৎসবে মেতে উঠবেন তাঁরা। সধবা নারীদের কাছে এ রীতি সৌভাগ্য ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে বিবেচিত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

