
ফ্ল্যাট পাচ্ছেন সহস্রাধিক পরিচ্ছন্নকর্মী
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নকর্মীদের জীবনমান উন্নয়ন ও আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে নির্মিত হচ্ছে পরিচ্ছন্ন-কর্মী নিবাস। নগরীর পাথরঘাটার সেবক কলোনি, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড, ২১ নম্বর জামালখান ওয়ার্ড, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড এবং সাগরিকা এলাকায় চসিকের সেবকদের জন্য মোট সাতটি ভবন নির্মাণ করা হচ্ছে।
এসব ভবনে মোট ১ হাজার ৩৬টি সেবকের পরিবার বসবাসের সুযোগ থাকবে। সাতটি ভবনের মধ্যে পাঁচটি ভবনের কাজ চলমান রয়েছে। এছাড়া বাকি দুটি ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান। এ পর্যন্ত প্রকল্পে ব্যয় হয়েছে ১৩০ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্পের অগ্রগতি ৪৩ শতাংশ। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্প সূত্রে জানা যায়, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্ন-কর্মী নিবাস নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনগুলোর প্রতিটি ইউনিটে একটি করে ফ্ল্যাট পাবেন পরিচ্ছন্ন-কর্মীরা। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৩০৯ কোটি ৩৫ লাখ টাকা। প্রতিটি ফ্ল্যাটের আকার হবে প্রায় ৬০০ বর্গফুট। যাতে থাকবে দুটি শোবার ঘর, রান্নাঘর, বারান্দা ও শৌচাগার।
এ আবাসন প্রকল্পে স্কুল, উন্নতমানের ডে কেয়ার, উপাসনালয়, বিনোদন কেন্দ্র, সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ রাস্তা, বৈদ্যুতিক সাব-স্টেশন এবং নিজস্ব পানির সুব্যবস্থাও থাকবে। প্রকল্প বাস্তবায়িত হলে পরিচ্ছন্ন-কর্মীদের মৌলিক অধিকারসহ শিক্ষা, বাসস্থান, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা যাবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
