দিল্লির রেসকোর্স মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযান, ক্ষতিগ্রস্ত প্রায় ৭০০ পরিবার
ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক রেসকোর্স মসজিদের আশপাশের এলাকা থেকে প্রায় ৭০০ মুসলিম পরিবারকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের সামনের কয়েকটি স্থাপনা ভাঙা অবস্থায় দেখা গেছে। অভিযোগ, এলাকায় জরুরি পরিষেবা বন্ধ করে উচ্ছেদের নোটিশ লাগানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের অধীন ‘ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ (এলঅ্যান্ডডিও) প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থিত এই জমিকে সরকারি সম্পত্তি বলে দাবি করেছে। অননুমোদিত দখল ও নির্মাণকে অপরাধ উল্লেখ করে সেখানে সতর্কতামূলক নোটিশ টাঙানো হয়েছে। নির্দেশ কার্যকরের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগকে (সিপিডব্লিউডি)। নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) কর্মকর্তারা বলছেন, আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ ও পরিষেবা বিচ্ছিন্নের কাজ হচ্ছে। ৭ অক্টোবর থেকে মসজিদ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে।
অন্যদিকে তুঘলক রোড থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সংস্থা সিয়াসত ডটকমের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন মসজিদ বা কোনো বাসস্থান ভাঙা হয়নি এবং বাসিন্দাদের ১৫-১৬ কিলোমিটার দূরের মুন্ডকায় বিকল্প আবাসনে যেতে বলা হয়েছে। তবে ঘটনাস্থলের ভিডিওতে মসজিদের সামনে ইটের স্তূপ ও ধ্বংসাবশেষ দেখা গেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
