
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা
ভারতের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় (এসবিআই) সাইবার হামলা হয়েছে। এর ফলে গ্রাহকদের তথ্য চুরি করে ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, প্রায় ৩ হাজার ৯০০ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে পাওয়া গেছে। এসব তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ফোন নম্বর, পরিচয়সংক্রান্ত তথ্য ও ঋণের বিবরণ। এদিকে তথ্য ফাঁসের ঘটনায় গ্রাহকরা রয়েছে আতংকে।
বুধবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। প্রতিবেদেন বলা হয়, স্টক এক্সচেঞ্জে দেয়া এক বিবৃতিতে এসবিআই জানিয়েছে, সাইবার হামলার কারণে গ্রাহকদের তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছে। ডার্ক ওয়েবে ৩ হাজার ৮৯৭টি গ্রাহক রেকর্ড পাওয়া গেছে, যাতে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় এমন তথ্য রয়েছে।
ব্যাংকটি জানায়, গত ১৬ অক্টোবর থ্রেট ইন্টেলিজেন্স সার্ভিস প্রোভাইডার, ডিফেন্স সাইবার এজেন্সি এবং ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সার্ট-ইন) কাছ থেকে গ্রাহকদের তথ্য ফাঁসের আশঙ্কা সম্পর্কে সতর্কবার্তা পায় তারা। এসবিআইয়ের প্রাথমিক বিশ্লেষণে ডার্ক ওয়েবে পাওয়া প্রায় ৩ লাখ ৭৫ হাজার রেকর্ড পরীক্ষা করে ৩ হাজার ৮৯৭টি গ্রাহক রেকর্ড শনাক্ত করা হয়, যাতে ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗