
রাজশাহীর সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী: ‘কে কখন আসতে চায় তা নিয়ে বিচলিত নয় সরকার’
স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কে কখন আসতে চাইছেন বা চাইছেন না, তা নিয়ে সরকার মোটেও বিচলিত নয়। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর এবং যে-ই আসুক না কেন, তাঁকে আইন অনুযায়ী হেফাজতে নেয়া হবে।
বৃহস্পতিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। দলটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি ছিল এবং নিজেদের অরাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণ করে গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ ১ হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যা ও গণহত্যা চালিয়েছে বলে জাতিসংঘের হিসাব রয়েছে এবং সরকারের হিসাব অনুযায়ী এ সংখ্যা ২ হাজারের বেশি। দলটি এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেনি, উল্টো ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে জঙ্গিবাদী তকমা দিতে চেয়েছিল। আওয়ামী লীগ আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চাইলেও দেশের জনগণ তা গ্রহণ করবে না এবং সে সুযোগ দেবে না বলে মন্তব্য করেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জেনে এ বিষয়ে তিনি কথা বলবেন।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে অন্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেই ভঙ্গুর অবস্থা থেকে ক্রমানয়ে পুলিশ আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗