চুনারুঘাটে ক্ষেতের বেড়া থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে স্থানীয় এক কৃষকের চারা ক্ষেতের বেড়ার জালে পেঁচিয়ে আটকে পড়া প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে গাদিশাল গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের চারা ক্ষেতের বেড়ার জালে অজগরটি প্যাঁচ লেগে আটকে যায়। এ সময় বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত এলাকার লোকজনকে জানান। খবর পেয়ে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু তাৎক্ষণিকভাবে বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে হবিগঞ্জ বনবিভাগের রেঞ্জার মাহমুদ হোসেনের নেতৃত্বে বনবিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করে।
এদিকে লোকালয়ে বিশাল আকৃতির একটি অজগর আটকা পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখার জন্য আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় জমান। বনবিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত অজগরটিকে চুনারুঘাটের বিখ্যাত সাতছড়ি জাতীয় উদ্যানের গহিন অরণ্যে নিরাপদে অবমুক্ত করা হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

