
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা পুলিশ হেফাজতে
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে ‘গোপন বৈঠক’ শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রামেক শাখা কমিটির সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এই দু’জনকে হেফাজতে নেয় পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘এদিন সকাল ১০টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার শীর্ষ এই দুই নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে গোপন বৈঠক করছেন’- এমন খবর জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কার্যালয় ঘেরাও করেন। এ সময় তারা পরিচালকের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে গোপন বৈঠকের তীব্র নিন্দা জানান এবং উত্তপ্ত স্লোগান দেন। তোপের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন ছাত্রলীগের দুই নেতা। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু এ বিষয়ে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানসহ পূর্ববর্তী সময়ে অমানবিক নির্যাতন এবং হত্যাকারী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতাল পরিচালকের রুমে গোপন বৈঠক করছিলেন। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এমন কর্মকাণ্ডে হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পরিচালক কার্যালয় ঘেরাও করে। পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের আইনানুগ শাস্তি চাই।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

