জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
প্রবাহ রিপোর্ট : সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন অবশেষে জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ চাকরি ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের রায় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে তার চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। তার আবেদন গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও তার আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সিদ্ধান্ত অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে শরীফ উদ্দিনের চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় কমিশনের চাকরিতে বহাল করা হয়েছে। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া সব বেতন-ভাতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
