
খুলনা জলিল টাওয়ারে ছয় দিনব্যাপী ডিজিটাল কম্পিউটার মেলার উদ্বোধনে কেসিসি প্রশাসক
খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন” বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি মানুষের জীবনযাত্রা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র জলিল টাওয়ারে ছয় দিনব্যাপী ‘খুলনা ডিজিটাল কম্পিউটার মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন খুলনায় এ ধরনের প্রযুক্তিমেলা আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি ধারণা লাভের পাশাপাশি নতুন উদ্ভাবন ও সম্ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির বিকাশ, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনার ব্যবসায়ী সমাজ ও প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগে এ ধরনের আয়োজন নগরীর অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। ”
প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত স্টলগুলি পরিদর্শন করেন এবং স্টলসমূহে স্থান পাওয়া নতুন নতুন প্রযুক্তিসমূহের সাথে পরিচিত হন।
সমিতির সভাপতি মো: জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো: জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসি’র ডিএমডি মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইন্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আবুল হাসান ও খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম, সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো: আজিজ হোসেন সুমন এবং শুভেচ্ছা বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহবায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

