১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মাধবপুরে গ্যাস অনুসন্ধানে কৃত্রিম কম্পন ॥ আতঙ্কে এলাকাবাসী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ · সর্বশেষ প্রতিবেদন: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫১

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

মাধবপুরে গ্যাস অনুসন্ধানে কৃত্রিম কম্পন ॥ আতঙ্কে এলাকাবাসী

· বাংলাদেশ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) গ্যাস অনুসন্ধানের ২-ডি সিসমিক জরিপকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কয়েকটি এলাকায়। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া, সুরমা চা বাগান, তেলিয়াপাড়া চা বাগানসহ আশপাশের এলাকায় প্রতিদিন ১০ থেকে ১৫ বার কম্পন অনুভূত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হঠাৎ বাড়িঘর কেঁপে ওঠায় অনেকেই ভূমিকম্পের আশঙ্কায় ঘর থেকে বেরিয়ে আসছেন। এতে স্বাভাবিক জীবনযাত্রায়ও প্রভাব পড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দেশের জাতীয় সম্পদ গ্যাস অনুসন্ধানে তাঁদের কোনো আপত্তি নেই। বরং এ কাজে তাঁরা সহযোগিতা করতে চান। তবে এ ধরনের কার্যক্রম শুরুর আগে এলাকাবাসীকে যথাযথভাবে অবহিত করা প্রয়োজন ছিল। কী ধরনের জরিপ চালানো হচ্ছে, কেন বাড়িঘর কেঁপে উঠছে এবং এতে কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না, সে বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা অসীম রায় বলেন, গ্যাস দেশের জাতীয় সম্পদ। এর অনুসন্ধানে এলাকাবাসীর আপত্তি থাকার কথা নয়। কিন্তু সিসমিক জরিপের সময় ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করা হলে বাড়িঘর কেঁপে ওঠে। তখন মানুষ ভূমিকম্প হচ্ছে মনে করে আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। কাজ শুরুর আগে কর্তৃপক্ষ বিষয়টি এলাকাবাসীকে বুঝিয়ে বললে এমন পরিস্থিতি তৈরি হতো না। এ জন্য বাপেক্সের আরও প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। সুরমা চা বাগানের ৮ নম্বর এলাকার বাসিন্দা আজাদ মিয়া বলেন, তাঁদের এলাকায় দিনে ১০ থেকে ১৫ বার পর্যন্ত কম্পন অনুভূত হয়। হঠাৎ ঘরবাড়ি কেঁপে উঠলে তাঁরা ভূমিকম্প হচ্ছে ভেবে ঘর থেকে বেরিয়ে আসেন। এ ধরনের কার্যক্রম শুরুর আগে স্থানীয় লোকজনকে বিস্তারিত জানানো হলে তাঁরা আতঙ্কিত হতেন না।

এ বিষয়ে বাপেক্সের ২-ডি সিসমিক জরিপের সমন্বয়ক মোস্তফা কামাল বলেন, জরিপের বিষয়ে হ্যান্ডবিল বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয়েছে। এ কার্যক্রমে কৃত্রিম কম্পন সৃষ্টি করা হলেও ৮০ মিটার দূরত্বে থাকা বাড়িঘরের কোনো ক্ষতি হয় না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, সিসমিক জরিপ সম্পর্কে স্থানীয় লোকজনকে অবহিত করতে হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং করা হয়েছে। তবে সাধারণ মানুষকে প্রত্যাশিত মাত্রায় সচেতন করা সম্ভব হয়নি। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি আগামী এক থেকে দুই দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ