খুলনায় জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগর ভবনের পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ৯টার পর কয়েক মিনিটের ব্যবধানে গুরুত্বপূর্ণ এ দুটি স্থাপনার পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। আদালতের নিরাপত্তাকর্মী এস এম মুরাদ আহমেদ জানান, দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপের পর সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে আদালতের কর্মীরা পানি ঢেলে আগুন নিভিয়ে দেন।
এর কয়েক মিনিট পর আদালতের পাশের সার্কিট হাউস মাঠে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মাঠের মাঝামাঝি এবং সার্কিট হাউসের সীমানাপ্রাচীরসংলগ্ন এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের টাউন ক্লাব ও চায়ের দোকানে থাকা লোকজন ছুটে আসেন। এ সময় কয়েকজনকে সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করতেও দেখা যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
