২০ নভেম্বর ২০২৬, ২৩:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

থামছে না বিমানের জ্বালানি চুরি : পথেই হাওয়া হাজার হাজার লিটার!

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ২৩:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ২৩:৩১

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

থামছে না বিমানের জ্বালানি চুরি : পথেই হাওয়া হাজার হাজার লিটার!

· বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট ঃ পরিবহন করার সময় পথেই বিক্রি করে দেওয়া হয় উড়োজাহাজের জ্বালানি তেল (জেট ফুয়েল)। এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এ বছর। জ্বালানি চুরি বন্ধে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও কঠোর নজরদারিসহ বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছিল। এরপরও ঘটছে একের পর এক চুরির ঘটনা। সম্প্রতি নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে ঢাকার কুর্মিটোলা ডিপোতে নেওয়ার পথে ১৬ হাজার ৫০০ লিটার জেট ফুয়েল অন্যত্র বিক্রির সময় একটি ট্যাংকলরি জব্দ করে গোয়েন্দা পুলিশ। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন উপায়ে একটি চক্র এখনো নিয়মিত বিমানের জ্বালানি চুরি করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। চক্রে জড়িত আছে ট্যাংকলরি ও ডিপো-সংশ্লিষ্ট লোকজন। এ বিষয়ে এর আগেও দৈনিক প্রবাহে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তখন তদন্ত করে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি আবারও ধরা পড়ার ঘটনায় প্রমাণ হলো তেল চুরি এখনো বন্ধ হয়নি। বিমানের জ্বালানি চুরিতে জড়িতরা মূলত ‘টাইমিং চুরি’ করে তেল আত্মসাৎ করে। ডিপোসূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, জ্বালানি চুরিতে জড়িতরা মূলত ‘টাইমিং চুরি’ করে তেল আত্মসাৎ করে। তারা এক ডিপো থেকে আরেক ডিপোতে নির্ধারিত সময়ে কখনোই পৌঁছায় না। যানজটসহ নানা কারণে দেরি দেখায়। আবার কিছুক্ষেত্রে ডিপোকে ম্যানেজ করে দেরিতে পৌঁছালেও সঠিক সময়ে গিয়েছে বলে নথিতে রেকর্ড করায়। এভাবে ‘চুরি করা সময়ে’ তেল আনা-নেওয়ার পথে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হয়। তেল সরানোর ঘটনা প্রকাশ পাওয়ার পর সংশ্লিষ্ট চালানের অনুলিপি ছিঁড়ে ফেলা এবং ডিপোর ব্রিজিং রেজিস্টারে থাকা তথ্য সাদা কালি দিয়ে মুছে ফেলার ঘটনাও ঘটে বলে জানা গেছে। জেট ফুয়েল সরানোর বিষয়টি নিয়ে আমরা নিজেরাই উদ্ধিগ্ন। ইতোমধ্যে আমরা যা অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিয়েছি। একজন ডিপো ম্যানেজারের চাকরি পর্যন্ত চলে গেছে। মো. মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, পদ্মা অয়েল পিএলসি। জ্বালানি চুরির এসব কা-ে জেট ফুয়েল বিতরণ প্রতিষ্ঠান চট্টগ্রামভিত্তিক পদ্মা অয়েল পিএলসির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর আগে ৭২ হাজার লিটার জেট ফুয়েল উধাও হওয়ার ঘটনায় এখানকার একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। শিমরাইলে তেল বিক্রির সময় জব্দ ট্যাংকলরি ঃ গত ১ নভেম্বর নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে বিমানের জ্বালানি ‘জেট এ-১’ নিয়ে ঢাকার কুর্মিটোলা এভিয়েশন ডিপোর উদ্দেশে ছেড়ে যায় চট্টমেট্রো-৮-৪১-০৮০৩ নম্বরের একটি ট্যাংকলরি। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে গাড়িটি চলে যায় নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায়। সেখানে একটি চোরাই আস্তানায় জ্বালানি তেল বিক্রির সময় ট্যাংকলরিটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাড়িটিতে ছিল ১৬ হাজার ৫০০ লিটার জেট এ-১। নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক নজরুল ইসলাম জানান, চিটাগাং রোডের শিমরাইল মোড় এলাকা থেকে জ্বালানি তেলসহ ট্যাংকলরিটি জব্দ করা হয়। গাড়িটির মালিক ইয়ার হোসেন ভূঁইয়া। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় ট্যাংকলরির চালক সাগর হোসেন (২৭), সহকারী দ্বীন ইসলাম (৫২) ও মালিক ইয়ার হোসেনকে (৫০) আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। বিভিন্ন উপায়ে একটি চক্র এখনো নিয়মিত বিমানের জ্বালানি চুরি করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। জানা গেছে, ট্যাংকলরিটির বিপরীতে গোদনাইল ডিপো থেকে ইস্যু করা এএসটিআর চালানে জ্বালানি সরবরাহের গন্তব্য হিসেবে উল্লেখ ছিল কুর্মিটোলা এভিয়েশন ডিপো। কিন্তু সেখানে জ্বালানি খালাস না করে গাড়িটি শিরাইল চলে যায়। ট্যাংকলরিটি পুলিশের হাতে জব্দ হওয়ার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট চালানের অনুলিপি ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে ডিপোর ব্রিজিং রেজিস্টারে লেখা তথ্য সাদা কালি দিয়ে মুছে ফেলা হয়।

তিন ঘণ্টার পথ পাড়ি দিতে লাগে ২১ ঘণ্টা! ঃ গোদনাইল ডিপো থেকে কুর্মিটোলা এভিয়েশন ডিপো পর্যন্ত জ্বালানি পরিবহনে স্বাভাবিক পরিস্থিতিতে সর্বোচ্চ তিন ঘণ্টা সময় লাগে। কিন্তু অনুসন্ধানে পাওয়া তিনটি এএসটিআর চালানের তথ্য এবং সংশ্লিষ্ট গাড়ির চলাচলের রেকর্ডে সময়ের হিসাবে বড় ধরনের অসংগতি দেখা গেছে। চট্টমেট্রো-৮-৪১-০৬৫৬ নম্বরের একটি ট্যাংকলরি গত ৭ নভেম্বর বিকেল ৪টা ২৯ মিনিটে গোদনাইল ডিপো থেকে বের হয়। একই দিন রাত ১০টা ১০ মিনিটে গাড়িটি কুর্মিটোলা ডিপোতে পৌঁছেছে বলে ‘রিসিভ’ দেখানো হয়। অর্থাৎ স্বাভাবিক যাত্রাসময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা বেশি সময় লাগে ওই লরিটির। একই দিন ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৭৪ নম্বরের আরেকটি ট্যাংকলরি রাত ১টা ৪৬ মিনিটে গোদনাইল ডিপো থেকে বের হয়। এটির ক্ষেত্রেও রাত ১০টা ১০ মিনিটে কুর্মিটোলা ডিপোতে পৌঁছানোর তথ্য দেখানো হয়। তবে প্রকৃতপক্ষে এটি পরদিন ৮ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটে ডিপোতে পৌঁছায়। অর্থাৎ নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ২১ ঘণ্টা পর গাড়িটি গন্তব্যে পৌঁছায়। বিমানের জেট ফুয়েল চুরিতে নতুন কৌশল হিসেবে ব্যবহার হচ্ছে ‘টাইমিং চুরি’। গোদনাইল থেকে কুর্মিটোলা যেতে স্বাভাবিক তিন ঘণ্টার পরিবর্তে কোনো কোনো ট্যাংকলরি ২১ ঘণ্টা পর্যন্ত পথে কাটাচ্ছে; এই সুযোগে মাঝপথে জ্বালানি অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৮৯ নম্বরের আরেকটি ট্যাংকলরি ৭ নভেম্বর রাত ২টা ৪৭ মিনিটে গোদনাইল ডিপো থেকে বের হয়ে একই দিন রাত ৯টা ২০ মিনিটে কুর্মিটোলা ডিপোতে পৌঁছেছে বলে রিসিভ দেখানো হয়। এই গাড়িটির ক্ষেত্রেও স্বাভাবিক যাত্রাসময়ের তুলনায় প্রায় দ্বিগুণ সময় লাগে। পদ্মা অয়েলের প্রধান কার্যালয় চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায়। কোম্পানিটির ডিজিএম পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ট্যাংকলরিগুলোর জিপিএস বা ট্র্যাকিং ডিভাইসের তথ্যের সঙ্গে জ্বালানি পরিবহনের চালান এবং ডিপোতে প্রবেশের সময় মিলিয়ে দেখলে গাড়িগুলো যাত্রাপথে কোথায় কতক্ষণ অবস্থান করেছে, তা শনাক্ত করা সম্ভব। জ্বালানি পরিবহনের সময় গাড়ির গতিবিধি বিশ্লেষণ করলে তেল চুরির সম্ভাব্য স্থান ও সময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ওই কর্মকর্তা আরও জানান, আটটি ট্যাংকলরির মাধ্যমে নিয়মিত জ্বালানি সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। গাড়িগুলো হলো নারায়ণগঞ্জ-ঢ-০১-০০৩০, ঢাকা মেট্রো-ঢ-৪১-০৭৩৬, ঢাকা মেট্রো-ঢ-৪১-০৩৬৬, চট্টমেট্রো-৮-৪১-০৬৫৬, চট্টমেট্রো-ঢ-৪১-০৮৪৪, ঢাকা মেট্রো-ঢ-৪১-০৬৩৭, যশোর-৮-৪১-০০০৬ এবং ঢাকা মেট্রো-৮-৪১-০৭৪৭। এসব গাড়ির গত এক মাসের ট্র্যাকিং রেকর্ড, জ্বালানি পরিবহনের চালান এবং ডিপোতে প্রবেশ ও বের হওয়ার রেকর্ড যাচাই করা হলে কী পরিমাণ জেট এ-১ সরিয়ে নেওয়া হয় তার প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। ডিপো ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ পুরোনো ঃ পদ্মা অয়েলের কুর্মিটোলা এভিয়েশন ডিপোর ব্যবস্থাপক মো. রিদওয়ানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় জ্বালানি তেল চুরির অভিযোগ ওঠে। চট্টগ্রামের গুপ্তখাল এলাকায় পদ্মা অয়েলের প্রধান স্থাপনার জেটিতে কর্মরত থাকার সময়ও কোস্টাল ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল পাচারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ওই অভিযোগের পর তাকে বদলি করা হয়। পরে দৌলতপুর ডিপোতে কর্মরত থাকার সময়ও তেল চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। রিদওয়ানুর রহমান ছাড়াও কুর্মিটোলা ডিপোতে জ্বালানি তেল চুরির ঘটনায় পদ্মা অয়েলের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন পদ্মা অয়েলের কর্মকর্তা খায়রুল আজীম ও এস এম জুবায়ের, নিরাপত্তাপ্রহরী ফজলু, চেকার বাবুল হোসেন, কর্মচারী আতিক শাহ, সাইদুল হক ও আলমগীর কবির। জেট ফুয়েল চুরির ঘটনায় পরিবহন চালান ছিঁড়ে ফেলা এবং ডিপোর রেজিস্টারের তথ্য সাদা কালি দিয়ে মুছে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আটটি ট্যাংকলরির গতিবিধি নিয়ে সন্দেহ থাকলেও সেগুলোর জিপিএস তথ্য, চালান ও ডিপোর রেকর্ড সমন্বিতভাবে যাচাই করা হয়নি। অভিযোগের বিষয়ে ব্যবস্থাপক রিদওয়ানুর রহমান বলেন, তেল চুরির অভিযোগ পেলে আমরা নিজেরাই তদন্ত করে ব্যবস্থা নিই। লরি দেরি করে আসার বিষয় মাঝেমধ্যে হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে যাচাই-বাছাই করে দেখি। কোনো কোনো সময় কারণ দর্শানোর নোটিশ দিই। তাছাড়া গাড়িগুলোকে এখন অবশ্যই ট্র্যাকার ব্যবহার করতে বলা হয়েছে। না হয় তাদের সঙ্গে আমরা চুক্তি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেব। আর যেহেতু আমরা দায়িত্বে আছি, এ কারণে তেল চুরি বা সরানো হলে আমাদের বিরুদ্ধেও কথা আসে।

পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান বলেন, জেট ফুয়েল সরানোর বিষয়টি নিয়ে আমরা নিজেরাই উদ্ধিগ্ন। ইতোমধ্যে আমরা যা অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিয়েছি। একজন ডিপো ম্যানেজারের চাকরি পর্যন্ত চলে গেছে। তারপরও আমাদের গাড়িগুলোকে নজরদারিতে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। আগেও চুরি হয় ৭২ হাজার লিটার ঃ কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে কিংবা আনা-নেওয়ার পথে বিমানের জ্বালানি তেল উধাও হওয়ার ঘটনা এর আগেও কয়েকবার ঘটেছে। এ বছরের ১১ মার্চ চারটি ট্যাংকলরির মাধ্যমে ৭২ হাজার লিটার জেট এ-১ চুরির ঘটনা ঘটে। এ নিয়ে ১৩ মার্চ ‘অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরোনো সিন্ডিকেট!’ শিরোনামে ঢাকা পোস্টে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। জিপিএস ডিভাইসের তথ্যের সঙ্গে জ্বালানি পরিবহনের চালান এবং ডিপোতে প্রবেশের সময় মিলিয়ে দেখলে গাড়িগুলো যাত্রাপথে কোথায় কতক্ষণ অবস্থান করেছে, তা শনাক্ত করা সম্ভব বলে দাবি পদ্মা অয়েলের এক কর্মকর্তার । প্রতিবেদন প্রকাশের পরদিন ১৪ মার্চ পদ্মা অয়েল পিএলসির তিন সদস্যের একটি তদন্ত দল কুর্মিটোলা ডিপোতে গিয়ে তদন্ত শুরু করে। তারা ডিপো ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজ যাচাই করেন। পাশাপাশি জ্বালানির মজুত পরিমাপ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য নেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ১১ মার্চ গোদনাইল ডিপো থেকে জ্বালানি নিয়ে ছেড়ে যাওয়া চারটি ট্যাংকলরি কুর্মিটোলা ডিপোতে প্রবেশ করেনি। অথচ ডিপোর প্রবেশপথের নিবন্ধন বইয়ে গাড়িগুলোর প্রবেশের তথ্য সংরক্ষিত ছিল। গাড়িগুলোর নম্বর ছিল ৪১-০৭০০, ৪২-০২৫২, ৪১-০৬৪৯ ও ৪১-০৬৯৮। প্রতিটি গাড়িতে প্রায় ১৮ হাজার লিটার করে জ্বালানি ছিল। সব মিলিয়ে ৭২ হাজার লিটারের বেশি জেট এ-১ গায়েব করে ফেলা হয়। ওই ঘটনায় তদন্তে তেল চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় কুর্মিটোলা ডিপোর ব্যবস্থাপক সাইদুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠায় পদ্মা অয়েল কর্তৃপক্ষ।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ