সরছে না ব্যানার-পোস্টার, চসিকের তদারকি নিয়ে প্রশ্ন

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়ককে ব্যানার-পোস্টারমুক্ত মডেল সড়ক হিসেবে গড়ে তোলার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। ঝুলন্ত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পরও সড়কের বিভিন্ন স্থানে প্রচারসামগ্রী রয়ে গেছে। সরেজমিনে গিয়ে লার্নআপ একাডেমির আলী স্যার, হাবিব একাডেমি, মিজান’স কমার্স কেয়ারের মিজান স্যার, ফ্লোরেন্স, ইবিআই পয়েন্ট, গণিতের মেহেদী স্যার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ল’ কলেজের ব্যানার ও প্রচারসামগ্রী দেখা গেছে। এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের মাঠপর্যায়ের তদারকি ও নিয়মিত অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে জাকির হোসেন সড়কের বিভিন্ন স্থানে ঝুলন্ত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ না করার বিষয়টি নিয়ে পূর্বকোণে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর চসিকের উদ্যোগে সড়কের একাংশ থেকে প্রচারসামগ্রী সরিয়ে নেওয়া হলেও অল্প সময়ের ব্যবধানে কয়েকটি ব্যানার পুনরায় টাঙানো অবস্থায় দেখা যায়। এ নিয়ে ‘চসিকের অভিযানকে বৃদ্ধাঙ্গুলি লার্নআপ ও হাবিব একাডেমির!’ এবং ‘প্রতি রাতেই বাড়ছে ব্যানার-পোস্টার, চসিকের তদারকি কোথায়?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে পরবর্তী সময়েও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি বলে সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে।
নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের প্রচারসামগ্রী ঝুলতে দেখা গেলেও সেগুলো অপসারণে নিয়মিত কার্যক্রম কতটা চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সংবাদ প্রকাশের পরও এসব প্রচারসামগ্রী থেকে যাওয়ায় চসিকের মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সুপারভাইজারদের ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗