কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ উদ্ধার
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রসুলপুর এলাকা থেকে ডালিয়া আক্তার (৪৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। শুক্রবার সকালে আব্দুল্লাহপুর রসুলপুর এলাকার সোনালী ব্যাংক ভবনের চারতলায় (তিন তলার ফ্ল্যাট) নিজ বাসায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। সিআইডির ক্রাইম সিনের আলামত সংগ্রহ শেষে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে ডালিয়া আক্তার ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তাঁর দুই মেয়ে নদী ও লিজা বিবাহিত এবং তাঁরা নিজ নিজ শ্বশুরবাড়িতে থাকেন।
নিহতের ছোট মেয়ে লিজা অভিযোগ করে বলেন, ‘আমার মা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং যুব মহিলা লীগের নেত্রী ছিলেন। পাশাপাশি তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আমার মাকে পরিকল্পিতভাবে ও অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।’ অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗