শেরপুরে বৃদ্ধা ছফুরা বেগমের পরিবারকে খাদ্য সহায়তা, ঘর মেরামতের উদ্যোগ

সংবাদ থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে শেরপুরের কামারিয়া ইউনিয়নের উত্তর কামারিয়া গ্রামের অসহায় বৃদ্ধা ছফুরা বেগম ও তাঁর প্রতিবন্ধী পরিবারে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ঝুঁকিপূর্ণ বসতঘর মেরামত এবং পরিবারের এক শিশুর প্রতিবন্ধী ভাতা চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জেলা প্রশাসকের নির্দেশনায় ভুক্তভোগী পরিবারটির বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় শেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ও শেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পরিবারটির দুর্দশা লাঘবে এর আগে থেকেই কিছু সরকারি সহায়তা চালু রয়েছে। বৃদ্ধা ছফুরা বেগম বয়স্ক ভাতা, তাঁর মেয়ে মজিদা বেগম বিধবা ভাতা এবং ছেলে কাদির মিয়া প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তবে পরিবারের শিশু নাতি রুমান মিয়ার জন্মনিবন্ধন না থাকায় এতদিন তার নামে প্রতিবন্ধী ভাতা চালু করা সম্ভব হয়নি। বর্তমান প্রশাসনের উদ্যোগে দ্রুত জন্মনিবন্ধন সম্পন্ন করে শিশুটির প্রতিবন্ধী ভাতা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗