গারো পাহাড়ে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তীর্থোৎসব

সংবাদ থেকে
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: ‘মানবতার জননী মা ফাতেমা রাণী মা মারিয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে গারো পাহাড়ে শুরু হয়েছে ক্যাথলিক খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ২৯ ও ৩০ অক্টোবর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বারমারী সাধু লিওর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হতে যাওয়া এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তীর্থোৎসবের ৮০ শতাংশ প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ব্যবস্থা।
১৯৪২ সালে প্রায় ৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত বারমারী সাধু লিওর এ ধর্মপল্লী ১৯৯৮ সাল থেকে বার্ষিক তীর্থস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পর্তুগালের ফাতেমা নগরীর আদলে গড়া পাহাড়ের এই পাদদেশে প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার এই উৎসব পালিত হয়।
বারোমারী খ্রিষ্টান মিশনের ফাদার তরুণ বানোয়ারী জানান- দেশ-বিদেশের প্রায় লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই তীর্থোৎসবের মূল আকর্ষণ আলোক শোভাযাত্রা। এছাড়া দুই দিনব্যাপী অনুষ্ঠানে খ্রিষ্টযাগ, ব্যক্তিগত প্রার্থনা, নিশি জাগরণ, জীবন্ত ক্রুশের পথ ও মহাখ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের পাল পুরোহিত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

