গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

সংবাদ থেকে
কম্পিউটারে যারা নিয়মিত গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। জনপ্রিয় এই ব্রাউজারে সম্প্রতি নতুন ১৫৬ আপডেট প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেখানে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য ৬টি গুরুতর বাগসহ মোট ৩৫৩টি নিরাপত্তাজনিত ত্রুটি সংশোধন করা হয়েছে। হ্যাকাররা এই দুর্বলতার সুযোগ নিয়ে সিস্টেমে ক্ষতিকর কোড চালাতে পারে এবং বড় ধরনের আর্থিক জালিয়াতি বা ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়ার মতো ঘটনা ঘটাতে পারে। তাই ব্যবহারকারীদের দ্রুত ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সংস্থাটি ইতিমধ্যে এই আপডেট রোলআউট করতে শুরু করেছে, তবে সব ব্যবহারকারীর কাছে একসঙ্গে এটি পৌঁছয় না। তাই ব্রাউজারে গিয়ে ম্যানুয়ালি আপডেট চেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। নতুন এই আপডেটে গ্রাফিক্স ইঞ্জিন, সিএসএস স্টাইলিং, ওয়েব পেজ রেন্ডারিং, ওয়েবআরটিসি এবং অ্যাক্সেসিবিলিটির মতো ফিচারের নানা ত্রুটি সংশোধন করা হয়েছে। এর মধ্যে ৬টি গুরুতর বাগের ৫টিই মেমোরি হ্যান্ডলিংয়ের সঙ্গে সম্পর্কিত। এছাড়া ষষ্ঠ গুরুতর বাগটি অ্যাক্সেসিবিলিটি ফিচারের ইউজ-আফটার-ফ্রি সংক্রান্ত ত্রুটি, যা সফটওয়্যারে মেমোরি রিলিজ হওয়ার পরেও তা অ্যাক্সেস করার চেষ্টা করলে দেখা দেয়।
এই ধরনের নিরাপত্তাজনিত ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা সহজেই ব্রাউজার ক্র্যাশ করাতে পারে কিংবা সিস্টেমে ক্ষতিকর কোড চালানোর চেষ্টা করতে পারে। যদিও এই ত্রুটিগুলো ব্যবহার করে বর্তমানে কোনো সাইবার হামলা চালানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট করে জানায়নি গুগল। ব্যবহারকারীরা যাতে দ্রুত নিজেদের ব্রাউজার আপডেট করে সুরক্ষিত হতে পারেন, সেজন্য দুর্বলতার বিস্তারিত তথ্য আপাতত সীমিত রাখা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



