হাসিমুখের আড়ালে অন্তহীন কান্না ‘স্মাইলিং ডিপ্রেশন’

সংবাদ থেকে
বাইরে থেকে দেখলে মনে হবে, তার জীবনটা যেন একখণ্ড নিখাদ সুখের ক্যানভাস। ফেসবুকে তার হাসিমুখী ছবি, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা, আড্ডায় সবচেয়ে হাস্যোজ্জ্বল উপস্থিতি কিংবা পারিবারিক দায়িত্ব পালনে সদা তৎপর এক মানুষ। অথচ দিন শেষে ছাদের আলো নিভলে কিংবা ঘরের দরজা বন্ধ হতেই সেই মানুষটিরই চোখের কোণে জমে ওঠে নোনতা জলের সমুদ্র। তিনি ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছেন এক অদৃশ্য শূন্যতা ও যন্ত্রণায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই মানসিক অবস্থার নামই ‘স্মাইলিং ডিপ্রেশন’ বা প্রচ্ছন্ন বিষণ্নতা, যেখানে মানুষ নিজের কষ্ট, হতাশা ও অবসাদকে হাসির নিখুঁত মুখোশের আড়ালে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখেন।
সাধারণত বিষণ্নতা বলতে আমরা বুঝি এমন এক দশা, যেখানে মানুষ বিছানা ছেড়ে উঠতে চান না, একা থাকতে ভালোবাসেন, কান্নাকাটি করেন কিংবা জীবন থেকে গুটিয়ে যান। কিন্তু ‘স্মাইলিং ডিপ্রেশন’ এর ঠিক উল্টো। এটি কোনো আনুষ্ঠানিক ক্লিনিক্যাল ডায়াগনোসিস না হলেও চিকিৎসাবিজ্ঞান ও মনোবিজ্ঞানে এটি অত্যন্ত পরিচিত ও বিপজ্জনক একটি টার্ম। এই ধরনের মানুষরা ভীষণ রকমের কর্মক্ষম ও দায়িত্বশীল হন। তারা চাকরি করেন, পড়ালেখা করেন, সংসার সামলান এবং সমাজকে সব ঠিকঠাক আছে বলে বিশ্বাস করান। অথচ তাদের মনের ভেতর এক তীব্র মানসিক লড়াই চলতে থাকে। দিনের পর দিন এই দ্বৈত জীবনযাপন করতে করতে তারা মানসিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েন।
কেন মানুষ নিজের কষ্ট লুকিয়ে হাসির মুখোশ পরে থাকেন? এর পেছনে রয়েছে নানা সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ। আমাদের সমাজ এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে পুরোপুরি খোলামাঠের মতো সহজ হতে পারেনি। কেউ বিষণ্নতার কথা বললেই তাকে ‘দুর্বল’, ‘মনোযোগ আকর্ষণের চেষ্টা’ কিংবা ‘অকৃতজ্ঞ’ বলে দাগিয়ে দেওয়ার এক অদ্ভুত প্রবণতা সমাজে রয়েছে। অনেকেই নিজের পরিবার বা প্রিয়জনদের উদ্বেগের মধ্যে ফেলতে চান না। তারা মনে করেন, নিজের কষ্টের কথা প্রকাশ করলে অন্যেরা কষ্ট পাবে কিংবা কর্মক্ষেত্রে নিজের পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হবে। ফলে শত কষ্টের মাঝেও মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখাটাই তাদের কাছে টিকে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗