রাজশাহীতে আদিবাসী হত্যা দিবস পালিত

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্মে পুলিশের গুলিতে তিন সাঁওতাল হত্যাকাণ্ডের ১০ বছর পার হলেও বিচার না পাওয়া এবং ভূমির অধিকার নিশ্চিত না হওয়ার প্রতিবাদে রাজশাহীতে ‘আদিবাসী হত্যা দিবস’ পালিত হয়েছে।
শুক্রবার রাজশাহী নগরের গণকপাড়ায় অনিল মার্ডি হলরুমে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার ও বিভিন্ন উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ-বাগদা ফার্মে শ্যামল হেম্ব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডি নিহত হন। এক দশক পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হয়নি। উপরন্তু আদিবাসীদের পৈতৃক জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। নিজেদের ভূমিতে অধিকার প্রতিষ্ঠা করতে হলে সাহেবগঞ্জ-বাগদা ফার্মের জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে হবে। বক্তারা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যায়বিচার ও ভূমির অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗