আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!

সংবাদ থেকে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রচারণার মাইকে হঠাৎ বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় লেখা গানটির ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ইউটিউব থেকে পরপর গান চালানোর সময় ভুল করে গানটি বেজে ওঠে। তবে কে বা কারা গানটি চালিয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি বিএনপি নেতারা।
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এতে দেখা যায়, বিএনপির প্রচারণার মাইকে বাজছে শেখ হাসিনার প্রশংসায় লেখা গানটি। পরে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নজিমুর রহমান বলেন, দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি তাঁর জানা নেই। তবে কারা গানটি চালিয়েছেন, তা খোঁজ নিয়ে দেখবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗