মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নোয়াপাড়া ইউনিয়নের আই. বি. সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কবির হোসেন জানান, আমাদের মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃংখল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষা গ্রহণ শেষে শুক্রবার রাত ৯টায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে।
এই মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন মাধবপুর উপজেলার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বর্তমানে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান। তিনি বলেন, নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যানের আয়োজনে এই মেধাবৃত্তি শুরু থেকেই অভিক্ষাপত্রের মান ও নৈর্ব্যক্তিকতা বজায় রেখে মূল্যায়ন করা হচ্ছে। কর্মসূচিটি ইউনিয়নের সকল শিক্ষার্থীর মেধা বিকাশে প্রতিযোগিতার সৃষ্টি করেছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যপক আগ্রহ সৃষ্টি করেছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক এ আয়োজন অসাধারণ উদ্যোগ। মেধাবৃত্তি পরীক্ষার আয়োজক নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল জানান, ইউনিয়নের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় আরও বেশি প্রতিযোগিতা তৈরি করে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ২০২৫ খ্রি. থেকে এই শিক্ষামূলক উদ্যোগটি গ্রহণ করেছে নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাধবপুর ইউপিইটিসি এর ইন্সক্ট্রাকটর মোঃ খায়ের উদ্দিন মোল্লা এবং এসআই পাভেল আহমেদ এর নেতৃত্বে মাধবপুর থানা পুলিশ ও গ্রাম পুলিশ বাহিনী পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ইউনিয়ন ভিত্তিক এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষা অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে, যা ভবিষ্যতে তাদের উচ্চ শিক্ষার পথকে আরও সুগম করবে। নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের সকল সদস্য এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। মেধাবৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্র ও এর আশপাশের এলাকায় অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগ এবং ইউনিয়নের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের নিরলস পরিশ্রমে পুরো পরীক্ষা প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে মেধাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ বিতরণ করা হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗