সেমিফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটানও

সংবাদ থেকে
সমীকরণটা খুব কঠিন ছিল না। ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কিংবা ড্র করলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। মাঠের বাইরের সেই হিসাব আজ মিলে গেল মাঠের খেলাতেও। জাতীয় স্টেডিয়ামে ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে। তাতেই সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি ড্র হওয়ায় সেমিফাইনালের আশা টিকে রইল ভুটানের। তবে শেষ চারের টিকিট পেতে এখন ভুটানকে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। সেই ম্যাচে শ্রীলঙ্কা ১টি পয়েন্ট পেলেই উঠে যাবে শেষ চারে। আর বাংলাদেশ ২ বা এর বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা।
বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে আজকের দিনটি ছিল প্রতিপক্ষকে কাছ থেকে দেখার সুযোগ। চাইলে বিকেলেও অনুশীলন করতে পারত বাংলাদেশ। কিন্তু কোচের পরিকল্পনা ছিল অন্য রকম। সকাল ১০টায় অনুশীলন শেষ করে দলকে নিয়ে চলে যান জাতীয় স্টেডিয়ামে। দিনের দুটি ম্যাচই গ্যালারিতে বসে দেখতে চেয়েছিলেন তিনি। বিশেষ করে শ্রীলঙ্কার খেলার ধরন, শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। ১১ নভেম্বর এই শ্রীলঙ্কার বিপক্ষেই যে বাংলাদেশের ম্যাচ।
প্রতিপক্ষকে দেখার পাশাপাশি গ্যালারিতে বসে উপভোগ করার মতো একটা ম্যাচও পেয়েছেন ডুলি। দুই মিনিটের ব্যবধানে দুই গোল। উত্তেজনার শুরু ৩৪ মিনিটে। দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। কিন্তু এক মিনিট পরই দুর্দান্ত শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার কেলার্ট। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শটটি ছিল দেখার মতো। ৪৩ মিনিটে আবার শ্রীলঙ্কার আক্রমণ। কেলার্টের ক্রস থেকে নিখুঁত হেডে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ওয়াসিম রাজিক।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗