লাখাইয়ের মাদনা হাওরে ভ্রাম্যমাণ আদালতের জাল পুড়িয়ে বিনষ্ট

সংবাদ থেকে
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকার বেশি। গতকাল রোববার বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করেন। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে জালগুলো বিনষ্ট করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কনিক শর্মাসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মুন্না মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ রক্ষা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। চায়না দুয়ারি জালের ব্যবহার জলজ পরিবেশ ও দেশীয় মাছের প্রজননের জন্য ক্ষতিকর। তাই অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗