রামেক হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ, তীব্র স্যালাইন ও সিরিঞ্জ সংকট

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: উত্তরাঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার আড়াইগুণেরও বেশি রোগী ভর্তি হচ্ছেন। ১ হাজার ৩০০ শয্যার প্রশাসনিক অনুমোদনের বিপরীতে নিয়মিত বিপুলসংখ্যক রোগী আসায় শয্যা না পেয়ে অনেককে ওয়ার্ডের মেঝে, বারান্দা ও করিডরে থেকে সেবা নিতে হচ্ছে। একই সঙ্গে গত প্রায় এক মাস ধরে হাসপাতাল ও রাজশাহীর স্থানীয় ফার্মেসিগুলোতে তীব্র স্যালাইন ও সিরিঞ্জ সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী বাজার থেকে এসব চিকিৎসাসামগ্রী না পাওয়ায় এবং সরবরাহ কম থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে রোগী ও স্বজনদের।
১৯৬৫ সালে ৫৩০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটির বর্তমানে প্রশাসনিক অনুমোদন রয়েছে ১ হাজার ৩০০ শয্যার। এর মধ্যে ১ হাজার ২০০টি সাধারণ ও ১০০টি আইসিইউ শয্যা। তবে বর্তমানে চালু রয়েছে ১ হাজার ২৪৩টি শয্যা। আইসিইউর অবশিষ্ট শয্যাগুলো আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চালুর আশা করছে কর্তৃপক্ষ। হাসপাতালের প্রশাসনিক কাঠামো এখনো ৫৩০ শয্যার পুরোনো অর্গানোগ্রামে আটকে থাকায় সম্প্রসারিত অবকাঠামোর সঙ্গে সেবার সক্ষমতার বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। গত ২১ অক্টোবর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ২৮০ জন, যা আট দিনের ব্যবধানে ২৯ অক্টোবর বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩১৭ জনে।
অর্থাৎ, সচল শয্যার তুলনায় প্রায় ২.৭ গুণ রোগী ভর্তি রয়েছে। শয্যা না পেয়ে দুই হাজারের বেশি রোগীকে মেঝেতে অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৫ হাজার ৮০৪ জন রোগী সেবা নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত পাঁচ বছরে হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই রোগীদের ৮০ শতাংশের বেশি আসেন রাজশাহীর বাইরের জেলাগুলো থেকে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও বগুড়াসহ ১৬-১৭টি জেলা থেকে রোগীরা এখানে আসেন। উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি ও কার্যকর রেফারেল ব্যবস্থা সীমিত থাকায় রামেকে রোগীর এই চাপ তৈরি হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗