ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

সংবাদ থেকে
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটনের নিজ বাসভবন থেকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, দেশটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্র আরও গুরুতর পর্যায়ে পৌঁছেছে। তবে বেসেন্টের বিরুদ্ধে হুমকির প্রকৃত মাত্রা এখনো স্পষ্ট নয়।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সও জানিয়েছে, বেসেন্টের নিরাপত্তা নিয়ে হুমকির বিষয়টি সামনে এসেছে। তবে এর বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মার্কিন অর্থমন্ত্রী হিসেবে বেসেন্ট ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত আগস্টে ট্রাম্প প্রশাসন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে যে কর্মসূচি শুরু করে, তার নেতৃত্বে রয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা ও বিভিন্ন আর্থিক পদক্ষেপের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এই কর্মসূচির লক্ষ্য। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগে বেসেন্টের ভূমিকার কারণে তিনি ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

