১ ডিসেম্বর পরীক্ষা শুরু, ফেল করা ৩৯ হাজার ২২৭ পরীক্ষার্থী অংশ নেবে

সংবাদ থেকে
প্রদীপ ঘোষ,যশোর ঃযশোর শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষা। এতে বোর্ডের আওতাধীন ১০ জেলার ৩৯ হাজার ২২৭ পরীক্ষার্থী অংশ নেবে। ফরম পূরণ কার্যক্রম শেষে পরীক্ষার্থীর এ সংখ্যা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয় ৫০ হাজার ৬৬৮ । অকৃতকার্য হয় ৬২ হাজার ১২৪ । তাদের মধ্যে এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৩৯ হাজার ২২৭ শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে খুলনা। এ জেলায় পরীক্ষায় অংশ নেবে ৭ হাজার ৪৯৪ জন। এছাড়া যশোরে ৬ হাজার ২৭৫, বাগেরহাটে ৩ হাজার ৪৫, সাতক্ষীরায় ৪ হাজার ২৯২, চুয়াডাঙ্গায় ২ হাজার ২৪৪, মেহেরপুরে ১ হাজার ৩৩৩, কুষ্টিয়ায় ৪ হাজার ৯৪৯, নড়াইলে ১ হাজার ৮১৩, ঝিনাইদহে ৫ হাজার ১০৬ এবং মাগুরায় ২ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী পরীক্ষার্থীর এ সংখ্যা নিশ্চিত করে জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

