নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

সংবাদ থেকে
ঢাকা: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে জাতীয় সংসদ। কুষ্টিয়ায় এনসিপির এই সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানোর অভিযোগ তুলে সরকারের ভূমিকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা বা নাশকতার কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি এবং বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একপর্যায়ে সংসদ ভবনে চরম হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, সুপরিকল্পিতভাবে চারটি পেট্রোল বোমা মেরে বাড়িতে আগুন লাগানো হয়েছে। ওই বাড়িটি পরিত্যক্ত ছিল না দাবি করে তিনি বলেন, সেখানে কেয়ারটেকারের পরিবারসহ আত্মীয়স্বজন বসবাস করতেন এবং গতকাল রাতেও সেখানে মানুষ ছিলেন। সামান্যের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা যাচ্ছে এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এ ঘটনার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আলামত মূল্যায়ন করে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি। বাড়িটি পুরোনো এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় শর্টসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
