দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে হবে বৃত্তাকার নৌপথ: নৌপরিবহন মন্ত্রী

সংবাদ থেকে
ঢাকা: নৌপরিবহণ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের জন্য উপযোগী করে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
আজ ( ১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬ অনুষ্ঠানে নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কিছু স্থানে ওয়াকওয়ের অসম্পূর্ণ সংযোগ বা মিসিং লিংক রয়েছে। সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
