গোপালগঞ্জে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত : আহত শতাধিক

সংবাদ থেকে
# গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত #
গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জে ১৫ গাড়ির সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির নিহত হয়েছেন ও শতাধিক যাত্রী আহত হয়েছেন। এতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। মারাত্মক আহত ২৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। মুকসুদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পরবর্তীতে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫টি যানবাহনের একটির সাথে আরেকটির সংঘর্ষ ঘটে। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে থাকা দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনি এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের প্রবেশকালে ওই দুর্ঘটনার মধ্যে পড়ে যায়। তবে এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন। এ সংঘর্ষে রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকিরসহ শতাধিক যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকিরকে ঢাকা এবং ২৫ জনকে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির মারা যান। মারাত্মক আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির নিহত হওয়ায় গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন শোক জানিয়েছেন। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, আমার গাড়ি বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির নিহত হন। তবে আমি সুস্থ রয়েছি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗