নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা
সংবাদ থেকে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ চাকরির জন্য ঢাকা-সিলেটে ছোটাছুটি নয়, বিদেশ যাওয়ার জন্য দালালের পেছনে ঘোরা নয়। এখন নবীগঞ্জ উপজেলার মানুষ ঝুঁকছেন মাছের ফিশারি আর মোরগের খামারের দিকে। উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, যে পুকুর-ডোবা এক সময় পড়ে থাকতো, সেখানেই এখন তৈরি হচ্ছে ফিশারি। আর বাড়ির পাশের খালি জায়গায় উঠছে মোরগের খামার। বেকার যুবক, বিদেশ ফেরত, এমনকি স্বল্প শিক্ষিত অনেকেই এখন এই দুই পেশাকেই আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিচ্ছেন। আগে যারা দিনমজুরি করে কিংবা অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন, তারাই এখন নিজের পুকুরে রুই, কাতলা, পাবদা, পাঙ্গাস, তেলাপিয়া আর কার্ফু চাষ করছেন। পাশাপাশি কেউ কেউ ব্রয়লার, লেয়ার আর দেশি মুরগির খামার করছেন। স্থানীয়রা বলছেন, এর পেছনে ৩ টি বড় কারণ আছে। প্রথমত, নবীগঞ্জে খাল-বিলে আর আগের মতো দেশি মাছ পাওয়া যায় না। বাজারে ফিশারির মাছের চাহিদা অনেক বেশি। দ্বিতীয়ত, মোরগের মাংস আর ডিমের চাহিদা সারা বছরই থাকে। তৃতীয়ত, বিদেশে যাওয়া এখন কঠিন আর ব্যয়বহুল হয়ে গেছে। তাই গ্রামে বসেই কিছু করার চিন্তা করছেন অনেকে।
উপজেলার বেগমপুর গ্রামের ফিশারির মালিক শেখ আবুল মিয়া বলেন, “আগে ঢাকায় গার্মেন্টসে কাজ করতাম। ১২ হাজার টাকা বেতন পাইতাম, তার অর্ধেকই চলে যাইতো থাকা-খাওয়ায়। এখন বাড়ির পুকুরে মাছ চাষ করি। নিজের বাড়িতে থাকি, নিজের কাজ করি। মাছ বিক্রি করে মাসে আগের চেয়ে ভালোই আয় হয়। পোল্ট্রি খামারি দুলাল খাঁন বলেন, “প্রথমে ৫০০ মুরগি দিয়ে শুরু করেছিলাম। এখন ২০০০ মুরগির খামার। ডিম আর মাংস-দুইটা থেকেই আয় আসে। দুইজন লোকেরও কাজের ব্যবস্থা হইছে আমার খামারে। নবীগঞ্জের অনেক বেকার যুবক এখন দল বেঁধে ফিশারি করছেন। কেউ একা, কেউ আবার ৩-৪ জন মিলে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন। অনেক নারীও বাড়িতে মুরগির খামার করে সংসারে সহযোগিতা করছেন। তবে এই পথে সমস্যাও কম নয়। খামারিরা বলছেন, মাছের খাবার আর মুরগির ফিডের দাম অনেক বেশি। মুরগির রোগ হলে এক রাতেই সব শেষ হয়ে যায়। আর মাছ চাষে পানির অভাব, বিদ্যুতের সমস্যা আর দালালদের কারণে ন্যায্য দাম পাওয়া যায় না। তাদের দাবি, সরকারিভাবে কম সুদে ঋণ, প্রশিক্ষণ আর পশু চিকিৎসকের সহায়তা পেলে নবীগঞ্জে ফিশারি আর পোল্ট্রি খামার আরও বাড়বে। তখন আর কাউকে কাজের জন্য ঢাকা কিংবা বিদেশে যেতে হবে না।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এই ধারা ধরে রাখতে পারলে নবীগঞ্জ শুধু মাছ আর মুরগিতে স্বয়ং সম্পূর্ণই হবে না, বরং বেকার সমস্যাও অনেকটা কমে যাবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




