হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালনকালে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতা, দালালদের প্রভাব ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং যৌথবাহিনীর অভিযানের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে এক সহকারী পরিচালককে শাস্তি দিয়েছে সরকার। তার দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত কর্মকর্তার নাম সচিব কুমার আইন। বর্তমানে তিনি বান্দরবানে আঞ্চলিক পাসপোর্ট অফিস সহকারী পরিচালক হিসেবে কর্মরত। এর আগে তিনি হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে একই পদে দায়িত্ব পালন করেন। গত ১২ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ শাস্তির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
গতকাল রোববার (১৫ নভেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে ওই অফিসের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়। অভিযানের আগে স্থানীয় প্রশাসন একাধিকবার অফিস প্রধান হিসেবে সচিব কুমার আইনকে অনিয়মের বিষয়ে অবহিত করলেও তিনি বিষয়টি গুরুত্ব দেননি। এমনকি অধিদপ্তরের মহাপরিচালককেও বিষয়টি জানাননি। যৌথবাহিনীর সদস্যরা সরাসরি অফিসে গিয়ে অভিযানের আগে অনিয়মের বিষয়টি জানালেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া উমেশ পাল নামে এক ব্যক্তি ওই অফিসে নিয়মিত কাজ করতেন। তিনি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতের কর্মচারী কিংবা অনুমোদিত কোনো আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্মী ছিলেন না। তার অবৈধ উপস্থিতি ও কার্যক্রম বন্ধে কোনো ব্যবস্থা নেননি তৎকালীন অফিসপ্রধান। বরং যৌথবাহিনীর অভিযানের সময় ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমকে অন্য কক্ষে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি। এতে অভিযানের সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যৌথবাহিনীর অভিযানে সহযোগিতা না করা, অফিসের সেবা কার্যক্রমে বিশৃঙ্খলা, অননুমোদিত ব্যক্তির কর্মরত থাকা এবং দালালদের প্রভাব প্রতিরোধে কার্যকর উদ্যোগ না নেওয়ার বিষয়গুলো সচিব কুমার আইনের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক অযোগ্যতার পরিচায়ক। এসব অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। গত ৫ এপ্রিল তিনি অভিযোগের জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। গত ১১ নভেম্বর তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ, জবাব, উভয় পক্ষের বক্তব্য ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে লঘুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধিমালার ৪(২)(খ) অনুযায়ী দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। স্থগিত হওয়া বেতন বৃদ্ধি ভবিষ্যতে বকেয়া হিসেবেও পাবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗