নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার

সংবাদ থেকে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে বিবদমান দুই পক্ষের বাড়িঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
গত রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের দিকনির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালা ভরপুর গ্রামের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে যে কোনো সময় সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনার আশঙ্কা থাকায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের বসতবাড়িতে বিশেষ তল্লাশি চালানো হয়। অভিযানকালে দুই পক্ষের বাড়িঘর থেকে ফিকল, টেঁটা, ঢাল, লাঠি, ইট ভাঙার হাতুড়ি ও ধারালো দাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সংঘর্ষের সরঞ্জাম জব্দ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা সরঞ্জামগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

