শীতের আগমনে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত পাটকেলঘাটার গাছিরা

সংবাদ থেকে
শেখ আব্দুল হাই, পাটকেলঘাটা ঃ গ্রীষ্মকে বিদায় জানিয়ে রাতের শেষে ভোরের কুয়াশা ভেজা শিশির সকাল বলছে শীত এসেছে। আর শীতের আগমনে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক খেজুর গাছ তোলার কাজ। এ কাজে পিছিয়ে নেই সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার গাছিরা। তারা ঠুনি, দড়া ও গাছ কাটা দা নিয়ে অবিরাম গ্রাম থেকে মাঠে পায়ে হেঁটে চলেছে গাছ কাটতে। প্রতিটি মুহূর্তে খেজুর গাছের রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। শাঁকদহ গ্রামের গাছী শাহাদাত হোসেন সরদার জানান, যুগীপুকুরিয়া, আমতলারডাঙ্গা, জুজখোলা, ভারসা, আচিমতলা, বড়বিলা, খোর্দ্দ, সরুলিয়া, ঘোষপাড়া, কাশিয়াডাঙ্গা, লাউকাটি সহ অন্যান্য গ্রামগুলোতে আগে এক সময় এলাকায় লক্ষ লক্ষ খেজুর গাছ ছিল। তবে আজ তার সংখ্যা অনেকটা কমে গেছে। তারপরও যে একেবারে কমে গেছে তা ঠিক নয়। যে গাছগুলো রয়েছে সেগুলোর পরিচর্যা করতেই যেন হিমশিম খাচ্ছেন গাছিরা।
যারা গাছ কাটে তাদের বলা হয় গাছি। খেজুর গাছের অগ্রভাগের একটি নির্দিষ্ট অংশ চিরে বিশেষ ব্যবস্থায় ছোট কলসি (ভাড়/ঠিলে) বাঁধা হয়। ফোঁটায় ফোঁটায় রসে পূর্ণ হয় সে কলসি। তাই খেজুর গাছ থেকে রস সংগ্রহে গাছ তোলা কাটাসহ বিভিন্ন রকমের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। ছোট বড় বিভিন্ন রকমের খেজুর গাছে অত্যন্ত ঝুঁকি নিয়েই তোলা কাটা করতে হয়। কোমরে মোটা রশি অথবা দড়া বেঁধে গাছে ঝুলে গাছ তোলার কাজ করে গাছিরা।
এলাকাবাসী জানান, খেজুর গাছের চাহিদা ইট ভাটায় বেশি থাকায় ও ফসলী জমির একটা মোটা অংশ মাছের ঘের করায় বর্তমানে খেজুর গাছের সংখ্যা অনেকাংশে কমে গেছে। মনে হয় যেন খেজুর গাছ বিলুপ্তি’র সুর বাজছে। এলাকায় আগের মতো মাঠও নেই, নেই সারি সারি খেজুর গাছ। তারপরও গ্রামের মাঠে আর গ্রাম্য মেঠো পথের ধারে কতক গাছ দাঁড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗