কলাপাড়ায় সিডরের ১৯ বছর প্রাণ হারিয়েছেন

সংবাদ থেকে
অশোক মুখার্জি কলাপাড়া পটুয়াখালী ঃ একটি রাত, এক ভয়াল ঝড়, আর মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল উপকূলের জনপদ। কেড়ে নিয়েছিল স্বজনের প্রাণ, কেড়ে নিয়েছিল হাজারো মানুষের শেষ আশ্রয়টুকু। সেই বিভীষিকাময় রাতের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন পটুয়াখালীর কলাপাড়ার মানুষ। সিডরের তাণ্ডবের ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর শোক, হারিয়ে যাওয়া মানুষের অপেক্ষা আর নিরাপদ বসবাসের অনিশ্চয়তা কাটেনি উপকূলবাসীর। সরকারি হিসাবে সিডরে কলাপাড়ায় প্রাণ হারিয়েছিলেন ৯৪ জন। বেসরকারি হিসাবে এ সংখ্যা ১০৪। আজও সন্ধান মেলেনি সাত জেলে ও এক শিশুর। ফলে ১৯ বছর পরও সিডরের স্মৃতি এখানে কেবল ইতিহাস নয়, বহু পরিবারের প্রতিদিনের বেদনা।
আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এ দিনে প্রকৃতির ভয়ংকর রূপ নিয়ে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর। মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছিল উপকূলের ঘরবাড়ি, ফসলের মাঠ, গবাদিপশু ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কলাপাড়ার বিস্তীর্ণ জনপদ পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। সেই ক্ষয়ক্ষতির হিসাব এখনো উপকূলের মানুষের জীবনযাপনে স্পষ্ট ক্ষত হয়ে আছে।
সরকারি হিসাব মতে, সিডরের কালো থাবায় কলাপাড়ায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল ১২ হাজার ৯০০ পরিবারের বসতঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল আরও ১৪ হাজার ৯২৫ পরিবারের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তিন হাজার ২২৫ জেলে পরিবারের সদস্যরা। উপজেলার প্রায় ৯০ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের তথ্য।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗