গোবরে ফলছে সোনা

সংবাদ থেকে
গোয়ালের গোবর, যা অনেকের কাছে বর্জ্য। সেই গোবরই এখন আয়ের সোনালি উৎস। মাত্র এক কেজি কেঁচো আর নিজের গোয়ালের গোবর দিয়ে তৈরি শুরু করেন কেঁচো সার। মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করছেন ডুমুরিয়ার মধুগ্রামের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক জি এম আমান উল্লাহ। তার গড়ে তোলা ‘গ্রিন অ্যাগ্রো ফার্মে’ প্রতি মাসে উৎপাদিত হচ্ছে প্রায় পাঁচ টন কেঁচো সার। ছোট্ট উদ্যোগটি এখন স্থানীয় কৃষিতে জৈব সারের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
শুরুটা হয়েছিল মাত্র তিন হাজার টাকার বিনিয়োগে। মাটির চাড়ি কিনে এক কেজি কেঁচো সংগ্রহ করে নিজের গরুর গোবর দিয়ে সার তৈরি শুরু করেন তিনি। প্রথমে বাড়ির গাছপালায় সেই সার ব্যবহার করেন। ভালো ফল পাওয়ায় বাড়তে থাকে চাহিদা। ২০১৪ সালে উদ্যোগটিকে বাণিজ্যিক রূপ দেন। গড়ে তোলেন ১৮টি চেম্বার ও ২২টি চাড়ির খামার। বর্তমানে ১২-১৩টি গরুর গোবর ব্যবহার করে তৈরি হচ্ছে এ সার। শ্রমিক ও বিদ্যুৎ খরচ বাদে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় হয় বলে জানান আমান উল্লাহ। ২৫ কেজির বস্তা ৩৮০ টাকা দরে ডুমুরিয়াসহ আশপাশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। শিগগিরই ৫ ও ১০ কেজির প্যাকেট বাজারজাত করার পরিকল্পনাও করছেন তিনি।
খামারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, গোবর প্রক্রিয়াজাত করার সময় উৎপন্ন গ্যাস পরিবারের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ একই গোবর থেকে মিলছে জৈব সার ও রান্নার জ্বালানি। পাশাপাশি খামারে থাকা চারটি দুধওয়ালা গাভি থেকে প্রতিদিন ২০-২৫ কেজি দুধ বিক্রি হচ্ছে। জি এম আমান উল্লাহর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্টরাও।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



