মোংলায় সাড়ে ৮ হাজার জাল টাকাসহ চক্রের এক সদস্য আটক
সংবাদ থেকে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলায় জাল টাকা কারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন ধরে তাকে পুলিশে দেয়। এসময় তার কাছে সাড়ে ৮ হাজার জাল টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে পৌর শহরের প্রধান বাজার এলাকার হাবিবুর রহমানের পান দোকানে ১ হাজার টাকার একটি জাল টাকার নোট ভাঙ্গাতে যান ফখরুল ইসলাম (৪৫) নামের এক জালিয়াত। দোকানী নোটটি জাল বুঝতে পেরে তাকে (প্রতারক/জালিয়াত) চিনতে পেরে টাকা ফেরত দিয়ে দেন। এর পরপরই বাজারের আঃ সাত্তার নামক ভিক্ষুককে প্রথমে ২০ টাকা দিয়ে পরে তার কাছ থেকে ১ হাজার টাকার একটি জাল নোট ভাঙ্গিয়ে নেন। এ সময় আকস্মিকভাবে দূর থেকে পূর্বের পান দোকানী এ ঘটনাটি দেখতে পান। তখন পান দোকানী বাজারের লোকজন জড়ো করে জালিয়াত ফখরুলকে হাতেনাতে আটকে করে পুলিশে খবর দেন। পর পুলিশ এসে জাল টাকাসহ এ জালিয়াতকে থানায় নিয়ে যান। জালিয়াত ফখরুল পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলেন, সে সকাল থেকেই ৯ হাজার জাল টাকা ভাঙ্গানোর জন্য ঘুরছিলেন। আর তাকে এ টাকা সরবরাহ করেছেন ভোলার আরেক জাল নোট কারবারি মোঃ আলাউদ্দিন। ফখরুল এই চক্রের সাথে নিজ এলাকার বাহিরে বিভিন্ন এলাকায় গত কয়েক মাস ধরে এই জাল টাকার জালিয়াতি করে আসছেন বলেও স্বীকার করেছেন সে। জাল নোট জালিয়াত ফখরুল পটুয়াখালীর বাউফলের দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতিকুর রহমান বলেন, জাল টাকার নোটসহ আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। তার কাছ থেকে ৮৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তিনি বলেন, এই জালিয়াত ফখরুলের বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকার নোট জালিয়াতির কারবারের ঘটনায় ৪টি মামলা রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗