মাধবপুরে পুলিশের অভিযান ৬০ কেজি গাঁজাসহ আটক ৩

সংবাদ থেকে
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রাইভেটকারে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজার বড় চালান আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল নোয়াহাটি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, সংঘবদ্ধ একটি মাদক চোরাকারবারি চক্র প্রাইভেটকারে করে মাদক পাচার করছে-এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗