টানেল থেকে মাতারবাড়ী পর্যন্ত নির্মিত হচ্ছে ৫৮ কিমি আঞ্চলিক মহাসড়ক

সংবাদ থেকে
কর্ণফুলী টানেলকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ অবকাঠামোয় যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। আনোয়ারা থেকে বাঁশখালী, পেকুয়া ও বদরখালী হয়ে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত নির্মিত হচ্ছে ৫৮ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়ক। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে এবং শুরু হয়েছে প্রাথমিক কার্যক্রম।
নতুন এ সড়ক চালু হলে কর্ণফুলী টানেল থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে যাতায়াতে প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার পথ কমবে এবং সাশ্রয় হবে প্রায় এক ঘণ্টা সময়। শুধু মাতারবাড়ী বন্দর নয়, এ সড়ক দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল এবং কক্সবাজারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনে বিকল্প রুট তৈরি হওয়ায় ভবিষ্যতে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে।
জানা গেছে, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে শুরু হয়ে বাঁশখালী, টইটং, পেকুয়া ও বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত বিস্তৃত হবে মহাসড়কটি। ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে প্রতি কিলোমিটার সড়ক উন্নয়নে খরচ ধরা হয়েছে প্রায় ২০ কোটি ৩৩ লাখ টাকা। মোট ব্যয়ের মধ্যে ৩৪১ কোটি টাকা রাখা হয়েছে ভূমি অধিগ্রহণের জন্য। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত চার বছরে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






