ভূমধ্যসাগরে মৃত্যুর হাতছানি গ্রিস যাত্রায় নিখোঁজ ৬ যুবক

সংবাদ থেকে
মাধবপুর প্রতিনিধি ॥ ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমিয়ে নিজেদের ও পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন মাধবপুর উপজেলার ৬ ও লাখাই উপজেলার এক তরুণ। কিন্তু দালাল চক্রের প্রলোভনে পড়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগরের বিপৎসংকুল জলপথ বেছে নেওয়ায় নেমে এসেছে ঘোর অন্ধকার। সাগরে নৌকাডুবির ভয়াবহ দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ৬ যুবক। নিখোঁজের দীর্ঘ ১৫ দিন পেরিয়ে গেলেও প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারগুলো। সন্তানদের ফিরে পাওয়ার আশায় দিশেহারা স্বজনেরা এখন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। নিখোঁজদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দালাল চক্র তাঁদের একটি ভঙ্গুর প্লাস্টিকের নৌকায় তুলে দেয়। গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করা সেই নৌকায় মাধবপুর ও লাখাই উপজেলার সাত যুবক ছিলেন। তাঁরা হলেন-মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের মাসুম মিয়া, পাবেল মিয়া, আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া। এই ৭ জনের মধ্যে একমাত্র উপজেলার পুরাইকলা গ্রামের মাসুম মিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। মাসুমের পরিবারের সদস্যরা জানান, তাঁদের বহনকারী প্লাস্টিকের নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। সাগরের মাঝপথে পৌঁছানোর পর হঠাৎ নৌকাটিতে ছিদ্র হয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে। মুহূর্তের মধ্যে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলে যাত্রীরা উত্তাল সাগরে পড়ে যান। জীবন-মৃত্যুর সেই সন্ধিণে মাসুম ঢেউয়ের তোড়ে ভেসে থাকেন এবং টানা দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে এসে ওঠেন। স্থানীয় বাসিন্দাদের মানবিক সহায়তায় শেষ পর্যন্ত তিনি গ্রিসে পৌঁছান।
মাসুমের মুখ থেকে সেই রাতের বিভীষিকাময় বর্ণনা শোনার পর নিখোঁজ বাকি ছয় যুবকের পরিবারে নেমে এসেছে কান্নার রোল। তাঁরা সাগরের নোনাজলে তলিয়ে গেছেন, নাকি কোথাও বেঁচে আছেন-তা নিয়ে প্রতিটি মুহূর্তে বুকফাটা আর্তনাদ চলছে স্বজনদের মাঝে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, গ্রিসে পৌঁছে দেওয়ার কথা বলে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। জমিজমা বিক্রি ও চড়া সুদে ঋণ করে এই টাকা দেওয়া হলেও এখন সন্তানদের জীবনেরই কোনো নিশ্চয়তা নেই। গত ১৫ দিন ধরে তাঁদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পুরাইকলা গ্রামের পাবেল মিয়ার পিতা নুরুল হক কান্নায় ভেঙে পড়ে বলেন, “এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না। এখন ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না। সরকার সহযোগিতা না করলে আমরা কই যামু?” নাঈম মিয়ার পিতা হবিব মিয়া বলেন, “আজ ছেলের চিন্তায় সব কিছু হারাতে বসেছি। ছেলেকে আর দেখতে পারব কিনা আল্লাহ জানেন। দালালদেরও কোনো সহযোগিতা পাচ্ছি না।” এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, নিখোঁজ যুবকদের সন্ধান পেতে হলে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗