তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’

সংবাদ থেকে
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (Upazila-Driven Youth Opportunity for Growth) কর্মসূচির প্রচার, বাস্তবায়ন ও কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জে একটি সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় নিয়ে আসা, নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে উৎসাহিত করা এবং তাঁদের টেকসই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, সিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র যুগ্ম পরিচালক কর্মসূচিটির বিভিন্ন দিক তুলে ধরে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


