যে কারণে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলার শেয়ার

সংবাদ থেকে
বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ ও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার পরদিন বাজারে বড় দর পতন হয়েছে আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র শেয়ারের। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩.৪৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এটিই ছিল সর্বোচ্চ দর হারানোর ঘটনা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ারটির দরপতনের হার ছিল এরচেয়ে বেশি। সিএসইতে আজ লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার ১৪.০৮ শতাংশ দর হারিয়েছে।
এক সময়ের ব্লুচিপ কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের একদিনে এতটা দরপতন অনেকটা অভাবিত। বাজার সংশ্লিষ্টদের মতে, লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা এবং সর্বশেষ বছরের পারফরম্যান্সে বিনিয়োগকারীদের যে আশাভঙ্গ হয়েছে, তারই প্রভাব পড়েছে শেয়ারটির বাজার মূল্যে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়। এটি টানা দ্বিতীয় বছরের মতো ‘নো ডিভিডেন্ড’ এর ঘোষণা। লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে পরিচালনা পরিষদ। ওই প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটি সমন্বিতভাবে (সহযোগী প্রতিষ্ঠানের মুনাফা/লোকসানসহ) শেয়ার প্রতি ২ টাকা ১২ পয়সা লোকসান করেছে। আগের বছর শেয়ার প্রতি ৫১ পয়সা আয় করেছিল। মূলত: লোকসান হবার কারণেই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি।
বাজার সংশ্লিষ্টদের মতে, লভ্যাংশ না দেওয়ার চেয়েও বেশি প্রভাব পড়েছে কোম্পানিটির লোকসানের মুখে পড়ার বিষয়। অনেক সময় একটি কোম্পানি মুনাফা করলেও কৌশলগত কারণে তথা ব্যবসা সম্প্রসারণ অথবা ভবিষ্যত ঝুঁকি মোকাবেলার জন্য লভ্যাংশ না দিয়ে মুনাফার অর্থ কোম্পানিতেই রেখে দেয়। এছাড়া ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নানা বিধিবিধানের শর্ত পরিপালন ও তাদের অনুমতি সাপেক্ষে লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিতে হয়। তাই লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তের চেয়ে লংকাবাংলা ফাইন্যান্সের পারফরম্যান্সের অবনতির বিষয়টি বিনিয়োগকারীদের বেশি আশাহত করেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

