রাজশাহীর তানোরে কৃষকের খরা সহনশীল ধানের উদ্ভাবন

সংবাদ থেকে
রাজশাহী: তীব্র পানিসংকট ও খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন আশার আলো দেখালেন রাজশাহীর তানোর উপজেলার কৃষক ও কৃষি গবেষক নুর মোহাম্মদ। প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছাড়াই নিজের দীর্ঘ সাত বছরের নিরলস গবেষণা ও প্রচেষ্টায় দেশি ধানের জাত থেকে সংকরায়ণের মাধ্যমে তিনি খরা সহনশীল একটি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন।
ধানটির বৈশিষ্ট্য ও চাষপদ্ধতি তুলে ধরে নুর মোহাম্মদ জানান, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ সংকট তীব্র হচ্ছে। প্রচলিত দেশি জাতগুলো খরা সহ্য করতে পারলেও ফলন কম হওয়ায় কৃষকরা তা চাষে আগ্রহী হন না। এই সংকট কাটাতে তিনি দেশি জাতের সংকরায়ণের মাধ্যমে এই ধানটি উদ্ভাবন করেছেন। এর জীবনকাল ১১৫ থেকে ১২০ দিন। এতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও অত্যন্ত কম। কোনো ধরনের কৃত্রিম সেচ, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই কেবল প্রাকৃতিক পানিতে এই ধান চাষ করে বিঘাপ্রতি (৩৩ শতাংশে) ২১ থেকে ২২ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব বলে দাবি করেন নুর।
এর আগেও তিনি ‘নুর-১’ ও ‘নুর-২’ নামে দুটি ধানের জাত উদ্ভাবন করে আলোচনায় এসেছিলেন। তবে এই জাতের এখনো কোনো নাম দেওয়া হয়নি বলে জানান তিনি। পাশাপাশি সরকারি স্বীকৃতির জন্যও তিনি আবেদন করার পরিকল্পনার বিষয়টিও জানান তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



